“একটা গাছ মায়ের নামে” – ৮০তম স্বাধীনতা দিবসে উই কেয়ার ফাউন্ডেশনের মাতৃ বন্দনা
১৫ আগস্ট, এগরা ও কাঁথি, muthokotha.in: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে অন্যভাবে উদযাপন করল বিখ্যাত সমাজসেবী সংগঠন “উই কেয়ার ফাউন্ডেশন”। দেশের স্বাধীনতার সঙ্গে মায়ের মাতৃত্বকে জুড়ে দিয়ে এগরা ও কাঁথি মহকুমা হাসপাতালের গর্ভবতী ও প্রসূতি মায়েদের পাশে দাঁড়াল এই সংগঠন। গৌরবময় স্বাধীনতা দিবসের দিন হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পৌঁছে দেওয়া হল ফল, কেক, বিস্কুট এবং চারাগাছ।
সংগঠনের সভাপতি সুভাষ নন্দ জানান –“এবারের মূল বার্তা ছিল “মাতৃ বন্দনা” এবং “একটা গাছ মায়ের নামে”। স্বাধীন ভারতে সুস্থ মা ও সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার বার্তাই ছিল আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য।”
শুক্রবার সকাল থেকে এগরা ও কাঁথি মহকুমা হাসপাতালে ছিল ”উই কেয়ার ফাউন্ডেশন”-এর সদস্যদের ব্যস্ততা। জাতীয় পতাকা উত্তোলনের পরেই শুরু হয়ে যায় মায়েদের কাছে উপহার পৌঁছে দেওয়ার কাজ। এদিন মোট ২৫০ জন গর্ভবতী ও প্রসূতি মাকে সংগঠনের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে জানিয়েছেন সংগঠনের সহ সভাপতি সুদীপ গিরি।
প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় চার রকমের মরসুমি ফল, কেক, বিস্কুট এবং একটি করে চারাগাছ। চারাগাছের সঙ্গে ছিল “একটা গাছ মায়ের নামে” লেখা কার্ড। যা তাঁদের কাছে ভালবাসার স্মারক হিসেবে অমূল্য সম্পদ বলে মনে করছেন মায়েরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , প্রসূতি মায়েদের পুষ্টির কথা মাথায় রেখেই ফল ও খাবার দেওয়া হয়েছে। আর চারাগাছ দেওয়ার উদ্দেশ্য হল পরিবেশ সচেতনতা। প্রতিটি মা যেন তাঁর সন্তানের মতো করে স্নেহ দিয়ে একটি গাছ লাগিয়ে পৃথিবীকে সবুজ করে তোলেন, সেই বার্তাই দেওয়া হল।
এই মানবিক উদ্যোগে পাশে ছিল হাসপাতাল কর্তৃপক্ষও। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা মহকুমা হাসপাতালের সুপার ও কাঁথি মহকুমা হাসপাতালের সুপার। তাঁরা উই কেয়ার ফাউন্ডেশনের এই ভাবনাকে সাধুবাদ জানান।
হাসপাতালের চিকিৎসকরা বলেন, “প্রসূতি মায়েরা মানসিকভাবে যে সমর্থন পান সেটাই তাঁদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে। এই ধরনের উদ্যোগ মায়েদের মনোবল বাড়ায়।”
উই কেয়ার ফাউন্ডেশনের কর্ণধার উজ্জয়িনী ব্যানার্জি বলেন, “স্বাধীনতা মানে শুধু পতাকা তোলা নয়। সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়ানোও স্বাধীনতার এক মহৎ অর্থ। এবছর আমরা বেছে নিয়েছি মায়েদের। কারণ মা ভালো থাকলেই পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে।”
তিনি আরও জানান, এই কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেছে এগরার “দীঘামোড় পারুল মার্কেট কমিটি”। তিনি কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ব্যবসায়ী সমাজ এভাবে এগিয়ে এলে সমাজসেবার কাজ আরও জোরদার হবে।”
উই কেয়ার ফাউন্ডেশন শুধু স্বাধীনতা দিবস বা বিশেষ দিনের জন্য কাজ করে না। সারা বছর ধরেই রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ, দুঃস্থদের খাবার বিতরণ ও বৃক্ষরোপণের মতো কাজ করে চলেছে এই সংগঠন।
“একটা গাছ মায়ের নামে” এই ছোট্ট বার্তার মধ্য দিয়ে উই কেয়ার ফাউন্ডেশন পরিবেশ ও মাতৃত্ব, দুটোকেই জুড়ে দিল। স্বাধীনতার ৮০ বছরে দাঁড়িয়ে সংগঠন দেখিয়ে দিল, দেশ গঠনের কাজ শুরু হয় ঘর থেকেই, মায়ের যত্ন থেকেই।
আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনে আরও বড় পরিসরে এই কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে। তাঁদের ইচ্ছা, প্রতিটি মা যেন সম্মান ও পুষ্টি দুটোই পান।