১০ আগস্ট , muthokotha.in : গণতন্ত্রের মন্দির জুড়ে কত যে ডিম ছোঁড়াছুঁড়ি দেখেছে পশ্চিমবঙ্গ,তার সম্পূর্ণ হিসাব হয়তো নেই। কিন্তু এই ডিম ছোঁড়ার ছোঁয়াচে রোগ যদি বাংলা ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে পৌঁছায় তাহলে তো তার হিসেব রাখতেই হয়। কারণ বঙ্গীয় কালচার আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হলে তার খবর তো ছড়াবেই। ভারতের মতো কসোভোয় রাজনৈতিক বিতর্ক, হট্টগোল, ওয়াকআউট দেখা গেলেও সংসদে ৮ আগস্ট ২০২৬, শনিবার যা ঘটল তা কিন্তু নজিরবিহীন। দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে সরাসরি ডিম ছুঁড়লেন বিরোধী দলের এক মহিলা সাংসদ। মুহূর্তের মধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেল।
কসোভোর রাজধানী প্রিস্টিনার আইনসভায় সেদিন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। উদ্দেশ্য ছিল জুন মাসের নির্বাচনের পর নতুন সংসদ গঠন এবং স্পিকার নির্বাচন করা। সেই অধিবেশন চলাকালীন বক্তব্য রাখছিলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। এমন সময় হঠাৎই নিজের আসন থেকে উঠে এলেন রক্ষণশীল বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’ (AAK)-র নারী আইনপ্রণেতা টাইমা কাদরিজাই। ব্যাগ থেকে একের পর এক ডিম বের করে কুর্তির দিকে ছুড়তে শুরু করেন তিনি। এই দৃশ্য দেখে অনেকেই বলতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ডিম থেরাপির ভিডিও নিশ্চিত টাইমা কাদরিজাই দেখেছেন এবং এখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন।
শুধু ডিম নয়, ডিমের সঙ্গে সঙ্গে ছিল স্লোগানও। “ধিক্কার তোমাকে”, “আপনার জন্য লজ্জা!” বলে চিৎকারও করতে থাকেন টাইমা। আচমকা এই হামলায় সংসদ জুড়ে হট্টগোল শুরু হয়। নিরাপত্তাকর্মী ও অন্য সাংসদরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ডিম কুড়িয়ে ফেলা ও সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কির জেরে অধিবেশন সাময়িকভাবে স্থগিতও করে দিতে হয়।
এই হামলা সম্পর্কে যতদূর জানা যায়, গত জুন মাসে কসোভোতে সাধারণ নির্বাচন হয়। কুর্তির দল সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠন ও স্পিকার নির্বাচনের জন্য বিরোধীদের সমর্থন দরকার। আর কসোভোর সংবিধান অনুযায়ী, নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ গঠন করতে হবে। সময়সীমা শেষ হয় ৭ আগস্ট, শুক্রবার। কিন্তু সমঝোতা না হওয়ায় শনিবারের অধিবেশনে কুর্তি স্পিকারের কাছে আরও কিছুটা সময় চান আলোচনার জন্য।
এই পরিস্থিতিতে বিরোধী দলগুলির অভিযোগ, এটি “অসাংবিধানিক”। সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন কুর্তি। এই ক্ষোভের বহিঃপ্রকাশই ঘটল সংসদে ডিম ছুঁড়ে। তবে এই ডিমের আঘাতে বিচলিত হননি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। পোশাকে ডিমের দাগ নিয়েই তিনি শান্তভাবে পরিস্থিতি সামাল দেন।
এতকিছুর পরে অবশ্য সাংবাদিকদের তিনি বলেন, “দেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপ ও আলোচনা চালিয়ে যাওয়ার মূল্য যদি এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া হয়, তবে আমি আনন্দের সাথেই সেই মূল্য দিতে প্রস্তুত।”
এত আঘাতের পর কুর্তির এই সংযত প্রতিক্রিয়াও এখন প্রশংসা কুড়োচ্ছে। বিরোধীরা যেখানে আক্রমণাত্মক, সেখানে প্রধানমন্ত্রী সংলাপের রাস্তা খোলা রাখার বার্তা দিলেন।
ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। The Guardian, BBC, The Independent, Republic-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভিডিও প্রকাশ করেছে। ভারতেও Anandabazar Patrika, Zee News, STAR NEWS TV বিস্তারিত রিপোর্ট করেছে।
এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের প্রতিক্রিয়া। একদল লিখছেন, “এটা গণতন্ত্রের অপমান”। আবার অনেকে বলছেন, “রাজনীতিকদের জবাব এভাবেই দিতে হয়”। মিম, কার্টুনেও ভরে গিয়েছে ইন্টারনেট।
অভিজ্ঞ মহলের ধারণা,এই ঘটনা কসোভোর রাজনৈতিক সংকটকে আরও গভীর করল। কুর্তির দল বৃহত্তম হলেও সরকার গঠনের জন্য প্রয়োজন বিরোধীদের সমর্থন। কিন্তু সংসদের ভেতরেই এভাবে হামলার পর সমঝোতার রাস্তা আরও কঠিন হল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময়সীমা পেরিয়ে যাওয়ায় এখন রাষ্ট্রপতির হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। নতুন করে নির্বাচন, নাকি জোট সরকার — সিদ্ধান্ত নিতে হবে দ্রুত।