নিজস্ব প্রতিনিধি, ১৬ জুলাই, কলকাতা: ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে । মেসিভক্তদের বাঁধভাঙা আনন্দ। কিন্তু সেই আনন্দের রাতেই করুণ পরিণতি হল বাংলাদেশের নেত্রকোনায়।
বুধবার মধ্যরাতে জয়ের পর স্থানীয় সমর্থকেরা আনন্দমিছিল বের করে। সেই মিছিলের ভিডিও করতে নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র দীপ্ত চৌধুরী ২৩ শহরের ছোটবাজার এলাকার শহীদ মিনার মোড়ে একটি শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন।
ভিডিও করার সময় অসাবধানতাবশত পাশের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে ছিটকে পড়েন দীপ্ত।
বন্ধুরা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে নাক-কান দিয়ে রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত দীপ্ত মালিনী রোড এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে। পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।