নিজস্ব প্রতিনিধি, ১৩ জুলাই, বর্ধমান: স্কুলের কর্মপরিবেশ নিয়ে বচসার জেরে সহকর্মী শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মারার গুরুতর অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার হলেন বর্ধমানের বিজয়রাম শম্ভুচরণ গুহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কুন্তল হক।
সূত্র মারফত জানা গেছে, গত ৯ জুলাই স্কুলের হাজিরা খাতা স্টাফ রুমে নিয়ে যাওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত।
অভিযোগ, বচসা চরমে পৌঁছলে প্রধান শিক্ষক শেখ কুন্তল হক ক্ষিপ্ত হয়ে এক শিক্ষিকার দিকে চেয়ার ছুঁড়ে মারেন।
চেয়ারের আঘাতে ওই শিক্ষিকা আহত হন। সহকর্মীরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার ৩ দিন পর আহত শিক্ষিকা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২) অন্যায়ভাবে বাধা দেওয়া এবং ১১৫(২) স্বেচ্ছায় আঘাত করার ধারায় মামলা রুজু করে। তদন্তের পর সোমবার সকালে শেখ কুন্তল হককে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে বর্ধমান আদালতে পেশও করে পুলিশ। পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে বলে সূত্রের খবর।
শিক্ষিকার অভিযোগ, প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে স্কুলে ভয়ের পরিবেশ তৈরি করেছেন। এদিকে গ্রেফতার হওয়ার পর শেখ কুন্তল হক দাবি করেছেন, _”এটা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র। ওই শিক্ষিকা নিয়মিত স্কুলে আসেন না। অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করাতেই আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। থানায় গিয়ে একবার দেখে নিন কী অভিযোগ”।
শেখ কুন্তল হকের নামের কারণে বিষয়টি বাড়তি নজর কেড়েছে। তাঁর বাবা সাইদুল হক পূর্ব বর্ধমানের প্রাক্তন সিপিআইএম সাংসদ। বাম আমলে সাইদুল হক পূর্ব বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান-এর দায়িত্বও সামলেছেন।
এই ঘটনার পর স্কুলে থমথমে পরিবেশ। অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা এই ঘটনায় উদ্বিগ্ন। শিক্ষা দফতরও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।