নিজস্ব প্রতিনিধি,নিউটাউন, কলকাতা: নির্মীয়মাণ ফ্ল্যাটের খোলা ৮ ফুট গভীর জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল ৩ বছরের এক শিশুকন্যার। রবিবার নিউটাউনের ১৫ নম্বর স্ট্রিটের AL1/B/29 (ক) ফ্ল্যাটে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
মৃত শিশুর বাবা রাজীব দাস পাশের ফ্ল্যাট AL1/B/6 (খ)-এর কেয়ারটেকার। দুটি ফ্ল্যাটের মাঝে একটি ছোট পাঁচিল। রোজই ওই পাঁচিল টপকে পাশের ফ্ল্যাটে খেলতে যেত ছোট্ট মেয়েটি।
রবিবারও খেলতে গিয়ে পাঁচিলের ঠিক নীচেই থাকা খোলা ওয়াটার ট্যাঙ্কের গর্তে পড়ে যায় সে। অনেকক্ষণ পর তাকে নিখোঁজ দেখে খোঁজাখুঁজি শুরু হয়।
পাশের (ক) ফ্ল্যাটের কেয়ারটেকার মেঘা সিংহ দাবি করেছেন, তিনিই প্রথম শিশুটিকে ট্যাঙ্কের গর্ত থেকে উদ্ধার করেন। তিনি বলেন, “মেয়েটিকে গর্ত থেকে তুলি। চিৎকার করে ডাকি। মনে হয় আর প্রাণ নেই”।
ঘটনার পরই প্রশ্নের মুখে পড়েছেন কনট্রাক্টর। বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে এবং চরম অবহেলার সঙ্গে ৮ ফুটের ওয়াটার ট্যাঙ্ক খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছিল।
(খ) ফ্ল্যাটের বাসিন্দা বিথিকা মণ্ডল বলেন, “এভাবে খোলা ট্যাঙ্ক রাখা যায়? একটা বাচ্চার প্রাণ চলে গেল।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কনট্রাক্টরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।