তৃণমূল ছেড়ে বিজেপিতে ৩ প্রাক্তন রাজ্যসভা সাংসদ, ২৪ জুলাই উপনির্বাচনের আগে বড় ধাক্কা
নিজস্ব প্রতিনিধি,সল্টলেক, ৯ জুলাই২০২৬: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহেই তৃণমূলে বড় ভাঙন। রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগের পর এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ – সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় এবং প্রকাশ চিক বরাইক। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তাঁরা।
গত সপ্তাহেই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক। এরপর সুস্মিতা দেবও পদত্যাগ করেন। পদত্যাগের পর কেউ কেউ প্রকাশ্যেই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। গত সোমবার সুখেন্দুশেখর রায় দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখাও করেন। তারপরই জল্পনা ছিল, তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন।
এই ৩ জনের পদত্যাগের কারণেই আগামী ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩টি আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিজেপি কি এই ৩ জনকেই প্রার্থী করবে?
এ বিষয়ে সরাসরি কিছু জানাননি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “এই ৩ সাংসদ দলে যোগ দেওয়ায় আমরা এবং কর্মীরা খুশি। প্রার্থী কে হবে তা দল ঠিক করবে।” সুখেন্দুশেখর রায়ও বলেন, “আপাতত বিজেপির সভা-মঞ্চেই আমাদের দেখতে পাবেন।”
যোগদান প্রসঙ্গে শমীক ভট্টাচার্য স্পষ্ট করেন, “তৃণমূলের জন্য বিজেপির দরজা এখনও বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুঠ করেছেন, ৪ ঘণ্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ।” তবে ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “ব্যতিক্রম তো থাকবেই। পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত।”
এদিন তিনি সুখেন্দু শেখর রায়ের প্রয়াত বাবা শিবেন্দু শেখর রায়ের প্রসঙ্গও টানেন। শমীক বলেন, “শিবেন্দু শেখর রায়ের জন্যই আজ ফরাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন। মালদাকে দেশের সঙ্গে জুড়তে পেরেছেন। তাঁর লিগ্যাসি আজ যাঁরা ভোগ করছেন, তাঁরা কংগ্রেসের পতাকা নিয়ে কোথায় ছিলেন মানুষ তা জানে।”
রাজ্যসভা নির্বাচনের ঠিক আগে ৩ অভিজ্ঞ সাংসদের বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের কাছে অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিজেপি এই ৩ জনকে সামনে রেখে রাজ্যসভার ৩টি আসনই দখলের কৌশল নিতে পারে।
আপাতত ২৪ জুলাইয়ের উপনির্বাচনই ঠিক করবে এই “ঘরওয়াপসি” কতটা সফল হল বিজেপির জন্য।