রবিবার রাজধানী দিল্লির রাজনৈতিক মানচিত্রে বড়সড় বদল ঘটাল তৃণমূল কংগ্রেস। দলের ২০ জন বিদ্রোহী লোকসভা সাংসদ একযোগে যোগ দিলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে।
লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে বেরিয়ে ব্যারাকপুরের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের বলেন, “আজ থেকে আমরা তৃণমূলের সাংসদ নই। আমরা NCPI-র সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে NDA-র সঙ্গে দেশ গড়ার কাজে সামিল হব।”
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই জাতীয় রাজনীতির কেন্দ্রে চলে এসেছে ত্রিপুরার অখ্যাত দল NCPI।
দিল্লি থেকে হাওড়ার সাঁকরাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরেই তৃণমূলের একাংশের সাংসদ দলের নেতৃত্বের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন। রবিবার সকালে দিল্লির এক পাঁচতারা হোটেলে গোপন বৈঠক করেন ২০ জন সাংসদ। সেখানেই NCPI-তে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এদিন সন্ধ্যা ৬টা নাগাদ স্পিকারের বাসভবনে যান বিদ্রোহী সাংসদরা। স্পিকারের হাতে তুলে দেন NCPI-তে যোগদানের চিঠি। দলত্যাগ বিরোধী আইন এড়াতে তাঁরা ‘একীভূতকরণ’ বা মার্জারের পথ নিয়েছেন বলে জানান।
রাতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি এক্স হ্যান্ডেলে লেখেন, “NCPI ও তৃণমূল থেকে আসা সাংসদদের NDA পরিবারে স্বাগত। মোদীজির বিকশিত ভারত যাত্রা আরও শক্তিশালী হল।”