মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই বাঁ দিকে মোড় নিয়ে আছড়ে পড়ল স্কাইডাইভিং এয়ারক্র্যাফ্ট। পাইলট-সহ বিমানের সব আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ১২।
ঘটনাটি ঘটেছে রবিবার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিট নাগাদ। মিসৌরির বাটলার শহরের বাটলার মেমোরিয়াল এয়ারপোর্ট থেকে ওড়ে প্যাসিফিক এরোস্পেস পি-৭৫০ মডেলের বিমানটি। একটি স্কাইডাইভিং কোম্পানি বিমানটি ভাড়া করেছিল।
ওড়ার পরেই বিমানটি হঠাৎ বাঁ দিকে মোড় নেয় এবং বিমানবন্দর থেকে মাত্র ২০০ মিটার দূরে আছড়ে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ১১ জন স্কাইডাইভার ও পাইলটের মৃত্যু হয়। বিমানে থাকা কোনো আরোহী বাঁচেননি।
বাটলার শহরটি কানসাস সিটি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনাস্থল বিমানবন্দরের রানওয়ের একেবারে কাছেই।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এই দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, বিমানটি ওড়ার সময় কোনো এয়ার ট্রাফিক সার্ভিস চালু ছিল না।
এফএএ-র এক আধিকারিক ব্যাখ্যা করেন, বিমানটি যে ধরনের আকাশসীমা দিয়ে উড়ছিল, সেখানে নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন ছিল না। তবে ওড়ার পরেই কেন বিমানটি বাঁ দিকে তীব্র মোড় নিল, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি, পাইলটের শারীরিক অসুস্থতা না কি অন্য কোনো কারণ, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।
স্কাইডাইভিং কোম্পানির তরফে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল ঘিরে রেখেছে।
স্কাইডাইভিং-এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসে ব্যবহৃত ছোট বিমানে এই ধরনের দুর্ঘটনা আমেরিকায় আগেও ঘটেছে। তবে একসঙ্গে ১২ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাটলার শহরে।